বখাটের উৎপাতে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে যুবক আবদুল আহাদের উৎপাতে মেয়েটিকে (১২) অন্য বিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর সে মেয়েটিকে অপহরণের চেষ্টা চালায়। মামলার পর গ্রেপ্তার হয় আহাদ। পাঁচ মাস জেলহাজতে থেকে জামিনে মুক্তি পেয়ে সে আবারও মেয়েটিকে উত্ত্যক্ত করে। সর্বশেষ ৫ এপ্রিল বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। ঘটনাটি ঘটে খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নে।হাতুড়িপেটার ঘটনায় মামলা হলেও পুলিশ গতকাল শনিবার পর্যন্ত বখাটে আহাদকে গ্রেপ্তার করতে পারেনি। মামলা তুলে নিতে বখাটে ও তার পরিবারের সদস্যরা মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে মেয়েটি ও তার পরিবার।মেয়েটি গতকাল স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিল না। সামান্য শব্দে ভয়ে কেঁপে উঠছিল। বখাটের নির্যাতনে বন্ধ হয়ে গেছে তার বিদ্যালয়ে যাওয়া।মেয়েটির কৃষক বাবা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে তেরখাদার আবনালী আবদুল আজিজ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত। ইখড়ি গ্রামের বখাটে যুবক ও কাঠমিস্ত্রি আবদুল আহাদ দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছে। গত বছর উত্ত্যক্ত করার ঘটনা বাড়লে মেয়েকে মামার বাড়ি হাঁড়িখালী গ্রামে পাঠানো হয় এবং সেখানকার একটি বিদ্যালয়ে ভর্তি করা হয়। বিদ্যালয়ে যাওয়ার পথে গত বছরের ১ জুন আহাদ ও আরও কয়েকজন মেয়েটিকে অপহরণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তেরখাদা থানায় মামলা হলে পুলিশ আহাদকে গ্রেপ্তার করে। এরপর মেয়েটিকে নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং আবার আবনালী আবদুল আজিজ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। কিন্তু পাঁচ মাস পর জেলহাজত থেকে ছাড়া পেয়ে আবারও উত্ত্যক্ত করতে থাকে আহাদ। মেয়েটি আধো আধো স্বরে প্রথম আলোকে জানায়, ৫ এপ্রিল বিদ্যালয়ে যাওয়ার পথে আহাদ তার পথ আটকায়। পথ ছেড়ে দিতে বললে আহাদ হাতুড়ি দিয়ে তার কোমর, পিঠ ও পায়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। আবনালী আবদুল আজিজ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রথম আলোকে জানান, ‘মেয়েটিকে হাতুড়ি দিয়ে পেটানোর খবর পেয়ে দুই শিক্ষককে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। হাতুড়ির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এর আগে গত বছরের শুরুতে বিদ্যালয়ের এক শিক্ষকের সামনেই আহাদ মেয়েটির ওড়না টেনে নেয়।’হাতুড়ি হামলার পর মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহাদকে আসামি করে মারধর, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে ১১ এপ্রিল তেরখাদা থানায় মামলা করেন মেয়েটির বাবা। কিন্তু পুলিশ গতকাল বিকেল পর্যন্ত আহাদকে গ্রেপ্তার করতে পারেনি। মেয়েটির বাবা বলেন, ‘হাসপাতালে চিকিৎসার পর বখাটেদের ভয়ে মেয়েটিকে খুলনা নগরে এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে। আহাদ ও তার পরিবার মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে।’এসআই বদরুজ্জামান বলেন, তদন্তে মেয়েটির ওপর হামলা ও উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পাওয়া গেছে। আহাদ চিহ্নিত বখাটে। ঘটনার পর থেকে সে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।