বখাটের উৎপাতে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের উৎপাতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক ছাত্রী। থানা পুলিশকে মৌখিক এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও ওই বখাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবার ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে কিছুদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বানকাটা গ্রামের মোহাম্মদ (২২) উত্ত্যক্ত করত। ঘটনাটি মোহাম্মদের অভিভাবককেও জানানো হয়। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। ছাত্রীর বাবা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ মুঠোফোনে মেয়েটির ছবির সঙ্গে অশ্লীল দৃশ্যজুড়ে দিয়ে এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ভয়ে মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। ছাত্রীর বাবা জানান, ১ জানুয়ারি রোববার বই বিতরণের দিনে তাঁর মেয়ে স্কুলে যেতে পারেনি। এরপর সোমবার ও গতকাল মঙ্গলবারও স্কুলে যায়নি। এ ছাড়া গত বছর অক্টোবর, নভেম্বরেও বখাটের উৎপাতে তাঁর মেয়ে ঠিকমতো ক্লাস করতে পারেনি।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘উত্ত্যক্তের বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। মেয়ের বাবাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বখাটে মোহাম্মদের বিরুদ্ধে মামলা করা হবে।’অভিযোগ সম্পর্কে মোহাম্মদ বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।