বখাটের কারণে দুই মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বখাটে উত্ত্যক্ত করার কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার আতশখালী গ্রামের এক ছাত্রী (১২) দুই মাস ধরে বিদ্যালয়ে যেতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে ছাত্রীটি তার বাবাকে সঙ্গে নিয়ে বাউফল থানায় এসে লিখিতভাবে ওই অভিযোগ করে।ছাত্রীটি পাশের গলাচিপা উপজেলার উত্তর পাতাবুনিয়া এসপি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এলাকাবাসী, ছাত্রীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের হাশেম প্যাদার ছেলে সোহাগ প্যাদা (২০) স্থানীয় গোলাবাড়ি এলাকায় ওষুধের ব্যবসা করতেন। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তিনি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, সোহাগ আর ওই এলাকায় ব্যবসা করতে পারবেন না। সে অনুযায়ী ব্যবসা গুটিয়ে নেন তিনি। কিন্তু বখাটেপনা থেমে থাকেনি তাঁর। তিনি সাঙ্গোপাঙ্গ নিয়ে উত্ত্যক্ত করতে থাকেন ওই ছাত্রীকে। নিরুপায় হয়ে ছাত্রীটি গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। বাউফল থানায় বসে ছাত্রীটি বলে, ‘এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ আমার নামে অশালীন বক্তব্য রেকর্ড করে মুঠোফোনে ছড়িয়ে দিয়েছে এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।’ অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে সোহাগের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।