বখাটের কারণে নিজ বাড়িতে বন্দী কলেজছাত্রী
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দির্ঘাই গ্রামের বখাটে ছমির উদ্দিনের (৪০) উৎপাতে নিজ বাড়িতে বন্দী হয়ে পড়েছে প্রয়াত মুক্তিযোদ্ধার কলেজপড়ুয়া এক মেয়ে (১৯) ও তাঁদের পরিবার।ওই মেয়ে জানান, তাঁর বাবা মুক্তিযোদ্ধা এম এ হান্নান মারা যাওয়ার পর একই ইউনিয়নের দির্ঘাই গ্রামের ছমির উদ্দিন তাঁর পিছু লাগেন। বাড়ি থেকে বের হলে তাঁকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি ২০১০ সালের ফেব্রুয়ারিতে থানায় একটি মামলা করেন। মামলায় ছমির বেশ কিছুদিন জেলে আটক থাকেন। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। কিন্তু বেশ কিছুদিন ধরে ছমির আবার তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন।আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম আমিনুর মোমিন জানান, ছমিরের কারণে ওই মুক্তিযোদ্ধার পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।ছমিরের মা আমেনা খাতুন বলেন, ‘আমি ছোয়াল রে অনেক শাসন করেছি। কিন্তু শুনে না।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ওই মেয়ে গত শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।