বখাটের কারণে প্রাণ দিতে হলো মিতালীকে
বরিশালের আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামে বখাটের উত্পাত ও হুমকি সহ্য করতে না পেরে রোববার আত্মহত্যা করেছে মিতালী মণ্ডল নামে এক ছাত্রী। গতকাল মঙ্গলবার বখাটে লিটন রায়কে গ্রেপ্তার করে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিতালীর বাবা বিনয় মণ্ডল লিটন রায়কে আসামি করে থানায় মামলা করেছেন। মিতালীর মা মালতি রানী মণ্ডল জানান, লিটন রায় দেড় বছর যাবত্ স্কুলে আসা-যাওয়ার পথে মিতালীকে উত্ত্যক্ত করত। এ কারণে পরীক্ষার তিন-চার মাস আগে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। এ বছর নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে মিতালী এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এসএসসি পরীক্ষা দিয়ে একদিন বাড়ি ফেরার পথে বখাটে লিটন মিতালীর ছবি তোলে। পরে লিটন ওই ছবির সঙ্গে তার ছবি সংযুক্ত করে তা গ্রামের লোকজনকে দেখায় এবং মিতালীর মা-বাবার কাছে মিতালীকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েক দিন আগে লিটন ওই ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে তা প্রচার করা হবে বলে মিতালীকে হুমকি দেয়। গত শুক্রবার বিষয়টি মিতালী তার মাকে জানায়। বখাটে লিটনের অব্যাহত হুমকি ও লাঞ্ছনা সহ্য করতে না পেরে রোববার রাত সাড়ে সাতটার দিকে মিতালী বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক জসিম উদ্দিন জানান, মিতালীর সঙ্গে লিটনের সংযুক্ত ছবিসহ মামলার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।