বখাটের কারণে স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের কারণে বগুড়ার শেরপুরের পাঁচদেউলি গ্রামের এক স্কুলছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদ করায় সম্প্রতি ছাত্রীর পরিবারের চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকির‌্যাসাধীন। আহতেরা হলেন ছাত্রীর দাদা-দাদি, ফুফু ও চাচি। গত মঙ্গলবারের ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ওই দিন রাতেই থানায় ছয়জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পঞ্চম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রী (১৩) অভিযোগ করে, একই গ্রামের মো. মোজামের ছেলে আল মাহমুদ (১৮) প্রায়ই তাকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। ছাত্রীটির বাবা অভিযোগ করেন, আল মাহমুদ তিন মাস ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এ কারণে তাঁর মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এর পরও বাড়ি এসে আল মাহমুদ উত্ত্যক্ত করা শুরু করে। ঘটনাটি ছেলের অভিভাবককে জানালে তাঁরা উল্টো ক্ষুব্ধ হন। গত মঙ্গলবার আল মাহমুদসহ কয়েকজন তাঁদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ খান জানান, এ ঘটনায় মেয়ের বাবার লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার সকালে অভিযুক্ত আল মাহমুদদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রীর পরিবারের চার সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকে বখাটের পরিবারের সবাই গা-ঢাকা দিয়েছেন।