বখাটের কারাদণ্ড
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাধুরঘাট এলাকায় কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মো. নুরুজ্জামান (২৮) নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন। র্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সিদ্ধিরগঞ্জের সাধুরঘাট খেয়াঘাটে কয়েক দিন ধরে কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন ইজারাদারের প্রতিনিধিসহ কয়েকজন বখাটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা এ ব্যাপারে র্যাবের কাছে অভিযোগ করে। গতকাল দুপুরে র্যাব-১১ সিপিসি-১-এর একটি দল সাদা পোশাকে ওই ঘাটে অবস্থান নেয়। সাধুরঘাটে নৌকার ভাড়া আদায়ের সময় ইজারাদারের প্রতিনিধি মো. নুরুজ্জামান কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন র্যাব সদস্যরা।্রপরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্যপ্রমাণ ও নুরুজ্জামানের স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।