বখাটের ছুরিকাঘাতে ছাত্রী আহত
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদ্রাসাপড়ুয়া অষ্টম শ্রেণীর এক ছাত্রীর (১৪) পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে বখাটেরা। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই মেয়েটিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাজুল ইসলাম প্রথম আলোকে জানান, পেটের ডান পাশে ছুরিকাঘাত করায় মেয়েটির নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। কোনো রকমে তা পেটের ভেতর ঢুকিয়ে ব্যান্ডেজ করে দ্রুত মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ময়মনসিংহ মেডিকেলের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার আইয়ুব আনসারী প্রথম আলোকে জানান, ‘মেয়েটির পাকস্থলীসহ পেটের গুরুত্বপূর্ণ অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অস্ত্রোপচার করেছি। মেয়েটি এখনো আশঙ্কামুক্ত নয়।’গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলায় সার্জারি বিভাগের ১১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৯ নম্বর বিছানায় শুয়ে আছে মেয়েটি। পাশে তার মা বসে কাঁদছেন। বিছানার এক পাশে বিমর্ষ হয়ে দাঁড়িয়ে ছিলেন মেয়েটির চাচা, মামাসহ স্বজনেরা। মেয়েটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। মেয়েটির স্বজনেরা জানান, সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে পাশের নিশ্চিন্তপুর গ্রামের বখাটে সোহেল মিয়া মেয়েটিকে প্রেম নিবেদন করছে। সেও বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। সোমবার রাতে সে কুতুবাকুড়া গ্রামের বাড়িতে পড়ছিল। রাত আটটার দিকে পড়ার ঘর থেকে পাশে রান্নাঘরে মায়ের কাছে যাচ্ছিল। এ সময় ওত পেতে থাকা বখাটে সোহেল ও তার সাত বন্ধু মেয়েটির মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করে। সে চিৎকার দিলে সোহেল বলে, ‘তোরে যখন তুলে নিতে পারলাম না, তখন তোকে শেষ করে দিই।’ এই বলে সোহেল মেয়েটির পেটে ছুরি দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে।মেয়েটির মা জানান, ‘মেয়ে মাঝেমধ্যে বলত, সোহেল তাকে বিরক্ত করে। আমি তাকে সাবধানে চলতে বলতাম। কিন্তু সোহেল এ ধরনের নৃশংস ঘটনা ঘটাবে, তা আমরা বুঝতে পারিনি। আমরা এর বিচার চাই।’ছুরিকাঘাতের ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বখাটে মো. সোহেল মিয়াসহ (২০) আটজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে নালিতাবাড়ী থানায় তিনটি মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলো নিশ্চিন্তপুর গ্রামের বখাটে মাহমুদুল হক, মঞ্জুরুল হক, জাকারিয়া, ইমদাদুল হক, সেলিম মিয়া, এনামুল হক ও কুতুবাকুড়া গ্রামের নজরুল ইসলাম।