বখাটের ছুরিকাঘাতে ছাত্রীর মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার সময় বাধা দিতে গিয়ে বখাটের ছুরিকাঘাতে ছাত্রীর মা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা ওই বখাটের বিরুদ্ধে গতকাল বুধবার থানায় অভিযোগ করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৎস্যজীবী মান্নান চৌধুরীর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের মাংগন চৌধুরীর ছেলে খোকন চৌধুরী (৩৫) গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।এ সময় ওই ছাত্রীর মা সানদুলালী (৪০) বখাটের হাত থেকে মেয়েকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে খোকন সানদুলালীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে তাঁর বাঁ হাত কেটে গেছে। তিনি ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ছাত্রীর বাবা খোকনের বিরুদ্ধে গতকাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।সানদুলালী অভিযোগ করে বলেন, ‘খোকন দীর্ঘদিন থেকে আমার মেয়েকে খারাপ কথা বলে। বর্তমানে মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেছি। বৈশাখ মাসে বিয়ে হবে। এ কথা জেনে সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দেওয়ায় সে আমাকে ছুরি দিয়ে আঘাত করে বাঁ হাত কেটে দিয়েছে।’ওই স্কুলছাত্রী বলে, ‘মা-বাবা অন্যত্র আমার বিয়ে ঠিক করায় খোকন কয়েক দিন থেকে খুব বিরক্ত করছিল। বুধবার (গতকাল) সে ঘরে ঢুকে আমাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।’খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যমুনা নদীতে মাছ ধরা নিয়ে মান্নান চৌধুরী আমাকে মারধর করেছে। আমি এ বিষয়ে গ্রামের লোকজনের কাছে বিচার দিতে গেলে ওই মেয়ে ও তার মা আমার ওপর আক্রমণ চালায়। তারা নিজের হাত নিজে কেটে মিথ্যা অভিযোগ করছে।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’