বখাটের ছুরিতে পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার তিন দিন আগে (২৯ মার্চ) হুমায়রা উর্মি বাবা-মায়ের কাছে দোয়া চাইতে যাচ্ছিল। বাড়িতে পৌঁছার আগেই বাস টার্মিনালে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় উর্মি। অভিযোগ পাওয়া গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবক তার ওপর এই হামলা চালায়। হামলাকারী যুবকের নাম মেজবাহ হোসেন। সে বাঘা উপজেলার চকছাতারী গ্রামের কাওসার আলীর ছেলে।জানা গেছে, উর্মির এবার রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে বাঘা পৌর এলাকার বাবুল ইসলামের মেয়ে।বাবুল ইসলাম জানান, উর্মি পঞ্চম শ্রেণীতে বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ছেলেটি বেশ কিছুদিন ধরে তাকে বিরক্ত করছিল। মেয়ের কাছ থেকে শুনে ঘটনার তিন-চার দিন আগে তিনি ছেলের বাবাকে বিষয়টি বুঝিয়ে বলেছেন। এর পরও তার শেষ রক্ষা হলো না। মেয়ের পেটে ৩২টি সেলাই দিতে হয়েছে।বাবুল ইসলাম বলেন, উর্মি দোয়া চাইতে বাড়িতে আসার পথে পুঠিয়ার বানেশ্বরেই ওই ছেলে বাসে ওঠে মেয়েকে উত্ত্যক্ত করতে করতে আসছিল। বাঘা বাসস্ট্যান্ডে উর্মি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এ সময় উর্মি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর উঠেই সে ছুরি নিয়ে হামলা চালায়। বাঘা থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, ঘটনার পরপরই মোটরশ্রমিক ও স্থানীয় লোকজন ওই যুবককে ধরে পুলিশে দেয়। মেজবাহ হোসেন হামলা চালানোর কথা স্বীকার করেছে। মেজবাহ হোসেন জানায়, সে রাজশাহীর একটি কলেজে পড়ত। সেখান থেকে বদলি হয়ে বাঘা উপজেলার কেশবপুর স্কুল ও কলেজে ভর্তি হয়। এবার এ কলেজ থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, হাসপাতালে উর্মির পরীক্ষা নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু নিয়ম না থাকার কথা বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ রাজি হয়নি। রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, উর্মির পেটে অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।