বখাটের দুই দফা হামলা, মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে উত্ত্যক্তের শিকার এক কিশোরীর পরিবার প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও পাচ্ছে না। এরই মধ্যে পরিবারটি এলাকার বখাটে রমজানের হামলার শিকার হয়েছে।
মেয়েটির পরিবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের লাল মাহমুদ খানের ছেলে রমজান আলীর বিরুদ্ধে ১ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে।
কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ বখাটে গত রোববার দলবল নিয়ে দুই দফায় মেয়েটির বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে মারধর করে। তার ভয়ে ১৫ দিন ধরে মেয়েটি বাড়ি থেকে বের হতে পারছে না।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, স্থানীয় দিনমজুরের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েটিকে দীর্ঘদিন ধরেই রমজান উত্ত্যক্ত করে আসছে।
থানার ওসি কামরুল আহসান জানান, ওই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল।
ইউএনও আবেদা গুলশান বলেন, ‘অভিযোগ পেয়েই ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তবে পরে কী হয়েছে, তা আর আমি জানি না।’