বখাটের নামে মামলা করে বিপাকে স্কুলছাত্রীর বাবা
লালমনিরহাটের আদিতমারীতে মেয়েকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন এক ব্যক্তি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরছে না পুলিশ। মুঠোফোনের খুদে বার্তা পাঠিয়ে আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি।
আসামিদের গ্রেপ্তার, তাদের উপযুক্ত শাস্তির দাবি ও অপহরণের শিকার মেয়েকে ফিরে পেতে গত রোববার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সাইফুল। এ সময় তিনি লিখিত বক্তব্যে জানান, গত ২৫ মে তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে এলাকার চিহ্নিত বখাটে খোকন মিয়া (২২) অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর মেয়েকে ধর্ষণ করে। পরে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি সালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করার আশ্বাস দেন। কিন্তু বিষয়টি সুরাহা না করে তাঁরা কালক্ষেপণ করেন। নিরুপায় হয়ে খোকনসহ পাঁচজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনি ২৮ মে একটি মামলা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ১৮ জুন খোকনের নেতৃত্বে ১০ জনের একটি দল তাঁর মেয়েকে মোটরসাইকেলে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় ২৩ জুন তিনি মেয়েকে অপহরণের অভিযোগে বখাটে খোকনসহ ১০ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু প্রায় তিন মাস হলেও অপহরণকারীরা গ্রেপ্তার বা অপহৃত স্কুলছাত্রীটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
সাইফুল আরও জানান, ৭ সেপ্টেম্বর রাত নয়টা ১২ মিনিটে খোকনের মুঠোফোন থেকে তাঁর মুঠোফোনে খুদে বার্তায় সব মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর তিনি গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর আসামিরা শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পাথর ছুড়ে মারে ও বাড়ির শয়নঘরে সিঁধ কেটে প্রবেশের চেষ্টা করে। তখন তাঁরা টের পেয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সাইফুল আরও জানান, তিনি শুনেছেন, তাঁর নাবালক মেয়েকে জোর করে পেছনের তারিখ (১৬ মে) দেখিয়ে রংপুরের পীরগঞ্জের আলমপুর ইউনিয়নের এক কাজির মাধ্যমে বিয়ে করেছেন খোকন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় ইউএনও জহুরুল ইসলাম স্থানীয় ভাদাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাহার আলীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আজাহার গত শনিবার রাতে বাল্যবিবাহ নিরোধ আইনে খোকনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ ব্যাপারে কথা বলতে খোকনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হাই জানান, যারা পালিয়ে বেড়ায় তাদের ধরা এত সহজ না।