বখাটের নির্যাতনে আহত ছাত্রী হাসপাতালে
‘আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসিস না’ ঘরে ঢুকে এ কথা বলেই এক স্কুলছাত্রীকে থাপড়, লাথি, ঘুষি মারতে থাকে এক বখাটে। গত সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই স্কুলছাত্রী বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় নির্যাতিত ছাত্রীর বাবা গতকাল মঙ্গলবার সদর থানায় বখাটে যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় জোর করে বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।নির্যাতনের শিকার ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী জানান, লাউথুতি গ্রামের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে আলী (২২) প্রায়ই উত্ত্যক্ত করত। সেই সঙ্গে হাতে লেখা প্রেমপত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত। সুযোগ পেলে জোর করেই প্রেমপত্র ওই ছাত্রীর হাতে গুঁজে দিত। ওই ছাত্রী তা রাস্তায় ফেলে বাড়ি ফিরত। প্রতিদিনের এ ঘটনার বিষয়টি তার মাকে জানায় ওই ছাত্রী। মা বিষয়টি মেয়েটির বাবাকে জানান। তিনি ঘটনাটি আলীর বাবা, চাচা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে এর বিচার চান। এর পর তাঁরা আলীকে এ ঘটনা থেকে বিরত থাকতে চাপ দেন। আলী পরে বিদ্যালয়ের রাস্তায় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা ছেড়ে দেয়। এরপর স্থানীয় এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার পথে আবারও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আলী। পরে এ নিয়ে সালিস হলে আলী প্রায় মাস তিনেক উত্ত্যক্ত করা থেকে বিরত থাকে। ছেলের অবস্থা দেখে বাবা আজিজুল ইসলাম ওই ছাত্রীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মেয়ের বিয়ের বয়স হয়নি—এ চিন্তা করে সে প্রস্তাবে রাজি হননি তিনি।গতকাল সকালে সদর হাসপাতালে গিয়ে নারী সার্জারি ওয়ার্ডের বিছানায় ওই ছাত্রীকে ব্যথায় কাতরাতে দেখা যায়। ছাত্রীর চাচি জানান, মারধরের ফলে শরীরের বিভিন্ন স্থানে ও খুব আঘাত পেয়েছে। ঠিকমতো দাঁড়াতে পারছে না। মানসিকভাবেও ভেঙে পড়েছে। আতঙ্কে স্কুলে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে। নির্যাতিত মেয়েটি জানায়, ‘সোমবার বিকেলে বাড়িতে আমাকে একা পেয়ে হঠাৎ ঘরে ঢুকে আলী। ঢুকেই সে প্রেমের প্রস্তাব দিয়ে বলে, “আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসিস না।” জবাবে কিছু না বললে আলী আমাকে এলোপাতাড়ি চড়-থাপড়, লাথি-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে আমি অচেতন হয়ে পড়ি।’পরিবারের সদস্যরা জানান, প্রাথমিক চিকিৎস্যা দিয়েও সুস্থ না হওয়ায় রাত পৌনে ১০টার দিকে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে মেয়েটি বলে, ‘বখাটে এক ছেলের জন্য আজ আমার লেখাপড়া বন্ধ হতে বসেছে।’ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আজগর আলী জানান, মেয়েটি শারীরিক ও মানসিকভাবে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। শুকানপুকুরী ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশীদ জানান, মেয়েটিকে উত্ত্যক্ত করার ঘটনা এর আগে তিনি শুনেছেন। মেয়ের বাবা বিচার চেয়ে তাঁর কাছে অভিযোগও করেছিলেন। তবে চেষ্টা করেও আলীকে বখাটেপনা থেকে সরিয়ে রাখতে পারেননি।গতকাল মেয়েটিকে দেখতে হাসপাতালে যান বখাটের বাবা আজিজুল ইসলাম। ছেলে সম্পর্কে তিনি বলেন, ‘ও একটু অন্য রকমের। কোনো কথা শুনে না।’ বখাটে আলীর বক্তব্য পাওয়া যায়নি।