বখাটের প্রতিজ্ঞা
‘আর কোনো দিন (ভবিষ্যতে) তারে (স্কুলছাত্রী) ডিস্টাব (উত্ত্যক্ত) করতাম (করব) নায় (না)। খারাপ খতাও (কথা) কইতাম (বলব) নায় (না)। আমি হখলর (সবার) কাছে মাফ (ক্ষমা) চাইয়ার (চাচ্ছি)।’—স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক আবদুস সামাদ (২৫) নামের এক যুবক বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে মাথানত করে এ প্রতিজ্ঞা করে।ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে। একই অপরাধে বখাটে ওই যুবক কান ধরে ৫০ বার ওঠবস করে। তার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে।শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সূত্র জানায়, সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের একটি মেয়ে (১৩) মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মিস্ত্রি সামাদ বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এক পর্যায়ে ভয়ে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরে পরিবারের লোকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন।