বখাটের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালীতে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রী শারমিন সুলতানার আত্মহত্যার ঘটনায় দায়ী বখাটের বিচারের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে কয়েক শ শিক্ষার্থী এবং শিক্ষকেরা মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর বখাটে অনিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শারমিন সুলতানা (১৪) এই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, আত্মহত্যায় বাধ্যকারী অনিকের পরিবার শারমিনের পরিবারকে নানা হুমকি দিচ্ছে। শারমিনের বাবা-মা এ ব্যাপারে বিদ্যালয়ের সহযোগিতা চেয়ে কয়েক দিন আগে আবেদন করেছেন।
১৬ নভেম্বর মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় নিজ বাড়ির গোসলখানায় পানির ঝরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন সুলতানা। ঘটনার দিন স্কুলে যাওয়ার সময় শারমিনকে উত্ত্যক্ত করেছিল স্থানীয় বখাটে অনিক। এর প্রতিবাদ করলে শারমিনকে ব্যাপক গালিগালাজ করে অনিক।