বখাটের বিরুদ্ধে মামলা করায় অবরুদ্ধ পরিবার
দিনাজপুর শহরে এক বখাটের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে একটি পরিবার। ওই বখাটে বর্তমানে জেলে থাকলেও তার পরিবার ও সাঙ্গপাঙ্গদের হুমকির মুখে বাদী তরুণীর কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। একই কারণে তরুণীর পরিবার এক রকম অবরুদ্ধ হয়ে আছে।শহরের পুলহাট এলাকার বাসিন্দা ওই তরুণীর বাবা জানান, তাঁর মেয়ে দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান শ্রেণীর শিক্ষার্থী। এলাকার বাবুল হোসেন ওরফে গুল্লু বিহারির বখাটে ছেলে শাহিদ হোসেন (২২) তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি তিনি শাহিদের পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একাধিকবার জানান। এতে ক্ষিপ্ত হয়ে কম্পিউটারের মাধ্যমে শাহিদ তাঁর ছবির সঙ্গে তরুণীর ছবি নানা অশ্লীল ভঙ্গিতে যুক্ত করে এলাকায় ছড়িয়ে দেন।১৬ নভেম্বর রাত আটটার দিকে ওই তরুণী মায়ের সঙ্গে পুলহাট এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিদ তাঁকে জাপটে ধরেন। এ সময় তাঁদের চিৎকারে এলাকার মানুষ এগিয়ে এলে শাহিদ পালিয়ে যান। এ ঘটনায় তরুণী ওই রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ রাতেই শাহিদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।তরুণীর মা বলেন, শাহিদ জেলে যাওয়ার পর রাতেই শাহিদের বাবা গুল্লু বিহারি ও মা সায়কা বেগম লোকজন নিয়ে তাঁদের বাড়ি এসে তরুণীর বাবাকে জবাই করার হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ আসার আগেই তাঁরা পালিয়ে যান।তরুণীর মা আরও বলেন, শাহিদ জেলহাজতে যাওয়ার পর তাঁর সাঙ্গপাঙ্গদের নানা হুমকি-ধমকির কারণে তাঁর মেয়ের কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। বখাটেদের হামলার ভয়ে মেয়ের বাবা এলাকার বাইরে যেতে পারছেন না। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এক রকম অবরুদ্ধ হয়ে আছেন। ভুক্তভোগী তরুণীর বাবা জানান, মামলা তুলে নিতে শাহিদের বখাটে বন্ধুরা তাঁর পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিচ্ছে।এ ব্যাপারে বক্তব্য জানতে গুল্লু বিহারির বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের ঘর তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরাও তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হাসান জানান, পরিবারটির নিরাপত্তা দিতে পুলিশ সব ধরনের চেষ্টা করবে। শাহিদের বখাটে বন্ধুদের নাম-পরিচয় সংগ্রহ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।