বখাটের ভয়ে মেয়েটি বিদ্যালয়ে যেতে পারবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড মেরে শরীর ঝলসে দেওয়া হবে—এক বখাটের এমন হুমকিতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর।

ওই ছাত্রীর অভিযোগ, ২৫ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় উপজেলার টোনা গ্রামের সবুজ হাওলাদার (১৭) নামের এক বখাটে তাকে বলে, ‘তোকে তো পামু না। তয় তোরে অ্যাসিড মারমু।’ এরপর থেকে সে ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না। বাড়িতেও তাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে।

ওই ছাত্রীর বাবার অভিযোগ, বখাটে সবুজ প্রায় এক বছর ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় গত জুন মাসে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সালিস বৈঠক করে সবুজকে শাসিয়ে সতর্ক করে দেন। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে তাঁর খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে মামলা করতে দেননি। তারপর সবুজ কিছু দিন উত্ত্যক্ত করা থেকে বিরত থাকে। সম্প্রতি আবার সে উত্ত্যক্ত করা শুরু করে এবং তাঁর মেয়েকে অ্যাসিড মেরে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেয়। এ কারণে মেয়ের বিদ্যালয়ে যাওয়া বন্ধ রাখা হয়েছে।

ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রীকে সবুজ অনেক দিন ধরে উত্ত্যক্ত করছে। ২৬ অক্টোবর থেকে ওই ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত। সবুজের হুমকিতে সে ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এ ঘটনার পর সবুজের বাবাকে নোটিশ পাঠিয়ে বিদ্যালয়ে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি আসেননি।’

টোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বদিউজ্জামান খানের ভাষ্য, ‘সবুজ বখাটে প্রকৃতির ছেলে। ওই ছাত্রীকে উত্ত্যক্ত করায় কয়েক মাস আগে একবার সালিসিতে সবুজকে শাসিয়ে দেওয়া হয়েছিল।’

এ ব্যাপারে সবুজের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সবুজ আমার কথা শোনে না।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।