ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে ছাত্ররা এক বখাটের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। হামলায় বখাটের ভাবি আহত হয়েছেন। গতকাল রোববার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।চর সুলতানপুর উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বখাটে আজাদ চৌধুরী (২৫), ইমারত হোসেন খান (২৭), শামীম প্রামাণিক (২৩) ও ফরহাদ হোসেন (২৪) ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে গত এক মাসে বিদ্যালয়ের আটজন ছাত্রী প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে। ছাত্রীদের উত্ত্যক্ত করার বিষয়টি বিদ্যালয়ের ছাত্ররা জানার পর গত বৃহস্পতিবার বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শেখ সবুজ ও শাহাদাত হোসেন এর প্রতিবাদ জানায়।এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল ১০টায় বখাটেরা বিদ্যালয়ে ঢুকে শেখ সবুজকে মারধর করেন।এ ঘটনার পর সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রায় ১৫০ জন ছাত্র বখাটে আজাদ চৌধুরীর ভাই আমানুল্লা চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বিক্ষুব্ধ ছাত্ররা আমানুল্লা চৌধুরীর স্ত্রী পারভীন আক্তারকে (২৫) বেদম মারধর করে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বখাটে আজাদ তাঁর ভাই আমানুল্লার বাড়িতে থাকেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভূতিভূষণ বিশ্বাস বলেন, বখাটেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বখাটেদের প্রতিরোধ করতেই ছাত্ররা এ হামলা চালিয়েছে। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।