বখাটের ভয়ে নারীরা হাসপাতালছাড়া!
‘পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে ১ জুলাই সকালে রাঙ্গুনিয়া হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হই। বিছানার পাশে ছিলেন মা আর ভাই। তাঁদের সামনেই বিছানায় বসে ২৬-২৭ বছরের এক যুবক জানতে চায়, বাড়ি কোথায়, নাম কী! হাত ধরে, কপালে হাত দিয়ে কষ্ট বোঝার চেষ্টা করে। স্যালাইন দেওয়ার সময় সেবিকাকে এমনভাবে শাসায় যেন তিনি আমার পরম আপনজন। এরপর প্রতি ঘণ্টায় দু-একবার এসে কপালে হাত দিয়ে জানতে চায়—কেমন লাগছে? পেটের প্রচণ্ড ব্যথার চেয়েও তার উৎপাত যে অসহ্য লাগছে, সে কথা বলার উপায় নেই। জানতে চাইলে সেবিকা বলেন, সে হাসপাতালের কেউ না, বখাটে যুবক। ভয় আরও বেড়ে যায়। যুবকটি দিনভর ঘুরে ঘুরে বিছানায় বসে গল্প করার চেষ্টা করে। আর সে কী চাহনি! ঘটনা খোলে বলার পরও সেবিকারা কিছুই করলেন না। উল্টো বললেন, বাধা দিলে বিপদ আছে। শেষ পর্যন্ত পেটে ব্যথা নিয়ে ওই দিন বিকেলেই হাসপাতাল ছাড়লাম।’ কথাগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার হাবিবুর রহমানের মেয়ে সানজিদা খানমের (১৬)।সম্প্রতি হাসপাতালে গিয়ে কথা হয় উপজেলার কাটাখালি গ্রামের মমতাজ বেগমের সঙ্গে (২৪)। নিউমোনিয়ায় আক্রান্ত চার বছরের ছেলে রাহাতকে নিয়ে হাসাপাতালে এসেছেন তিনি। ৩০ জুন বিকেলে ছেলেকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। তিনি অভিযোগ করেন, ‘সেই থেকে কয়েকজন বখাটে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে চলেছে। বাচ্চার কী হয়েছে, বাড়ি কোথায়, ওষুধপত্র ঠিকমতো খাওয়াচ্ছি কি না, বাচ্চার বাবা কোথায়—এসব বলে উত্ত্যক্ত করেছে। একপর্যায়ে তারা আমাকে চা খাওয়ার জন্য হোটেলে যেতে বলে। বাচ্চার কষ্ট সইব, না বখাটে যুবকদের যন্ত্রণা! একপর্যায়ে রাতটা কোনোক্রমে কাটিয়ে পরের দিন সকালে ছেলেকে নিয়ে হাসপাতাল ছেড়েছি।’স্থানীয় লোকজন জানান, হাসপাতালের বহির্বিভাগে বখাটেদের উৎপাত আরও বেশি। উপজেলার হাজীপাড়া গ্রামের প্রবাসী আবদুর রশিদের স্ত্রী রেহেনা আক্তার (২৩) জানান, জ্বর নিয়ে ননদের সঙ্গে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে কয়েকজন যুবক পিছু নেয়। যুবকেরা এ সময় তাদের উদ্দেশে নানারকম অশ্লীল কথা ছুড়ে দেয়। কাউন্টারে টিকিট নিতে গেলে বখাটেরা ধাক্কাধাক্কি করে। টিকিট না নিয়ে চিকিৎসা ছাড়াই বাড়ি ফিরতে হয়।হাসপাতালের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসপাতালে যারা বখাটেপনা করে, তাদের বেশির ভাগ স্থানীয়। অধিকাংশ বখাটে যুবক ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। হাসপাতালে প্রতিদিন কোনো না কোনো নারী তাদের হাতে লাঞ্ছিত হচ্ছে। তাদের ভয়ে অনেক নারী রোগী চিকিৎসা ছাড়াই হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘অবকাঠামোর অভাবে পুরো হাসপাতাল অরক্ষিত। ফলে বখাটেরা বিভিন্ন অজুহাতে হাসপাতালে ঢুকে নারী রোগীদের উত্ত্যক্ত করছে। চিকিৎসক ও সেবিকারা নিজ কাজে ব্যস্ত থাকেন। ফলে বখাটেদের ধরা সম্ভব হয় না। তবে হাসপাতালের মাসিক সভায় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি উত্থাপন করে পুলিশের অতিরিক্ত নজরদারির অনুরোধ জানানো হয়। কিন্তু পুলিশি নজরদারি এখনো পাওয়া যায়নি।’ ইউএনও তানভীর আজম সিদ্দিকী পুলিশি ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছেন।