বখাটের ভয়ে পুলিশি পাহারায় পরীক্ষা কেন্দ্রে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় বখাটে তরুণদের উত্ত্যক্তের কারণে এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার পুলিশি পাহারায় তাকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আমতলী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গতকাল পুলিশ আসার খবর পেয়ে বখাটেরা পালিয়ে যায়। উত্ত্যক্তের ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করা হচ্ছে।
এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, একই এলাকার পাঁচ-ছয়জন বখাটে তরুণ মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এতে তার পরীক্ষায় ব্যাঘাত ঘটছে। গত সোমবার সন্ধ্যায় মেয়েটির বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। ইউএনও মুসফিকুর রহমান এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমতলী থানার ওসিকে নির্দেশ দেন। সে অনুযায়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশ গতকাল সকালে মেয়েটিকে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়।
ওসি নূরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’