বখাটের মারধরে স্কুলছাত্রীর মা আহত হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক স্কুলছাত্রীর মাকে পিটিয়ে জখম করেছে আকরাম মিয়া (২০) নামের এক বখাটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আকরাম এ কাণ্ড ঘটায় বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে গত রোববার সরাইল থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে কয়েক মাস ধরে শাহবাজপুর গ্রামের তবুর হোসেনের বখাটে ও মাদকাসক্ত ছেলে আকরাম মিয়া উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে আকরাম তাকে কটূক্তি করতে থাকে। ওই ছাত্রীর মা এর প্রতিবাদ করেন। সন্ধ্যার পর ছাত্রীর বাবা এর প্রতিকার চেয়ে বিষয়টি আকরামের পরিবারের সদস্যদের জানান। এতে আকরাম ক্ষিপ্ত হয়ে গত রোববার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার মাকে পিটিয়ে গুরুতর জখম করে।মামলার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।