বখাটের মোটরসাইকেলের চাপায় ভাঙল কলেজছাত্রীর পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে গতকাল বুধবার মোটরসাইকেলের চাপা দিয়ে এক কলেজছাত্রীর পা ভেঙে দিয়েছে বখাটেরা। ঘটনার প্রতিবাদে মিজান নামে এক বখাটেকে আটক করে কলেজের শিক্ষার্থীরা। পরে বখাটের এলাকার লোকজন এসে ছাত্রদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলসহ মিজানকে ছিনিয়ে নেয়। এতে প্রায় ১০ জন ছাত্র আহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।কলেজশিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় উপজেলার নুরুল আমিন কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রী (১৭) সহপাঠীদের সঙ্গে পার্শ্ববর্তী ভদ্রাসন জিসি একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তারা গুহবাড়ি এলাকায় পৌঁছালে মিজান আকনসহ তিন বখাটে ছাত্রীদের ওপর মোটরসাইকেল তুলে দেয়। এতে আমেনাসহ তিন ছাত্রী সড়কের পাশে পড়ে যায়। গুরুতর আহত আমেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মিজানকে (২৫) আটক করে। খবর পেয়ে বখাটে মিজানের এলাকার ২০-২৫ জন এসে ছাত্রদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলসহ মিজানকে ছিনিয়ে নিয়ে যায়। বখাটেদের হামলায় আমেনার সহপাঠী হাবিবুর, শাওন, নাসির, জসিমসহ ১০ জন ছাত্র আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এই হামলার প্রতিবাদে ক্ষুব্ধ ছাত্ররা দুপুর ১২টায় কলেজের সামনের শিবচর-শরীয়তপুর সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ও শিবচর থানার পুলিশ এসে দুপুর একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বখাটে মিজান পার্শ্ববর্তী জাজিরা উপজেলার সেনেরচরের বাসিন্দা। এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও মিজান বা তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।আহত আমেনা কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলে, ‘ওদের আমি চিনি না। বেপরোয়াগতিতে ওদের গাড়ি চালানো দেখে আমরা রাস্তার একেবারে পাশে যাই। তার পরও হেলেদুলে হাসতে হাসতে আমাদের ওপর মোটরসাইকেল তুলে দেয়। সামনে আমার একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা। আমি মনে হয়, আর পড়তে পারব না।’প্রত্যক্ষদর্শী আমেনার সহপাঠী রোকশানা, সাথি, রোকন, জাহিদ বলেছে, মিজানসহ তিন বখাটে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ছাত্রীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। অবরোধকারী শিক্ষার্থীরা বলে, ‘পুলিশের আশ্বাসে আজ অবরোধ তুলে নিলাম। উপযুক্ত বিচার না হলে আমরা কঠোর আন্দোলনে নামব।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অশোক কুমার ভৌমিক বলেন, মেয়েটির বাঁ পায়ের দুটি লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং দুটি হাড় ভেঙে গেছে। দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে মেয়েটির বড় ধরনের ক্ষতি হতে পারে।আমেনার বাড়ি যশোরের আলফাডাঙ্গায়। তার বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। আমেনা শিবচরের শেখপুর এলাকায় নানাবাড়িতে থেকে পড়ালেখা করে। তার নানি জয়গুন্নেছা বলেন, ‘অনেক কষ্টের মধ্যেও আমেনাকে আমার কাছেই রাইখা পড়াশোনা করাইতাছি। নিজেরাই ভালোমতো চলতে পারি না। কী দিয়া ওর চিকিৎসা করামু?’শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বলেন, ‘বখাটে মিজান সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’নুরুল আমিন কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান বলেন, আমেনার পরিবার খুব গরিব। আপাতত কলেজ থেকে কিছু টাকা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।