বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে মাদকাসক্ত বখাটে যুবকের হাঁসুয়ার কোপে এক স্কুলছাত্রী নিহত ও তিন ছাত্রী আহত হওয়ার ঘটনায় বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে এ কর্মসূচি পালন করে জেলার ১০টি নারী সংগঠন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার পক্ষ থেকে নুরুন নাহার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার গৌরী চন্দ সিতু, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ইয়াসমিন আরা, জাতীয় মহিলা সংস্থার ইয়াসমিন সুলতানা, কল্যাণী মহিলা সংস্থার রোখসানা আহমদ, চাঁপাইনবাবগঞ্জ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের শাহনাজ বেগম, নারী উন্নয়ন ফোরামের সায়েমা খাতুন, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) জেনুয়ারা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের হালিমা খাতুন, যুব মহিলা লীগের সান্ত্বনা হক, প্রথম আলো বন্ধুসভার রফিক হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।