বখাটের শাস্তির দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের বিএলবাড়ী গ্রামের বখাটে নয়ন হোসেন খানের (২৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গত বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করা হয়েছে।বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, নয়ন ২৬ নভেম্বর বাকপ্রতিবন্ধী (১৬) এক মেয়েকে যৌন হয়রানি করেন। মেয়ের বাবা থানায় মামলা করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা তাতে বাধা দেন এবং বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার পরামর্শ দেন। পরে মেয়ের বাবা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান বখাটে ও তাঁর পরিবারকে বিচারের মুখোমুখি করাতে পারেননি। মেয়ের বাবা বলেন, ‘নয়ন বিদেশে থাকায় অনেক টাকা-পয়সার মালিক হয়েছেন। সরকারি দলের প্রভাবশালী বড় নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা। তাই আমি বিচার পাচ্ছি না। প্রভাবশালীরা বিভিন্নভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।’বিএলবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম ওমর আলী খান বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছি। কিন্তু বিবাদী নয়ন এবং তাঁর অভিভাবকদের বারবার নোটিশ দিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হতে বললেও তাঁরা আসছেন না। তাই আমরা অপারগতা প্রকাশ করে মেয়ের বাবাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে ওই বখাটের শাস্তি দাবি করছি।’ এ ব্যাপারে নয়ন হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা কঠিন। মেয়ের বাবার অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে।’