বখাটের হাতে ছাত্রী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার বেটখৈর গ্রামে সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম ওরফে জুয়েল নামে এক বখাটের হাতে লাঞ্ছিত হয়েছেন এক কলেজছাত্রী (২০)। উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই বখাটে মেয়েটির হাত টেনে ধরে এবং চড় মারে। জুয়েল ওই গ্রামের মনছুর বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী মেয়েটি জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা দুই বোন বাড়ির সামনে গল্প করছিলেন। এ সময় জুয়েল তাঁদের উত্ত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে খারাপ কথা বলে। মেয়েটি এর প্রতিবাদ করায় জুয়েল ক্ষিপ্ত হয়ে তাঁর হাত টেনে ধরে এবং চড় মারে। এ সময় জুয়েলের সঙ্গে আরও দুই যুবক ছিল। মেয়েটি জানান, তিনি কলেজে আসা-যাওয়ার পথে এমনকি বাড়ির সামনে দুই বোন বের হলে জুয়েল তাঁদের উত্ত্যক্ত করে। এতে তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।মেয়েটির বাবা জানান, হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় মানসম্মানের ভয়ে তাঁরা প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। মনছুর বিশ্বাস জানান, তাঁর ছেলে ওই মেয়েকে গালাগাল করেছে বলে তিনি শুনেছেন। তবে মেয়েটিকে চড় মারার ঘটনা তিনি জানেন না। এ ঘটনার পর তাঁর ছেলে রাতে বাড়ি ফেরেনি। এ ব্যাপারে জুয়েলের সঙ্গে যোগোযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জুয়েলকে ধরতে তৎপরতা চালানো হয়েছে।