বখাটের হাতে ছাত্রীর বাবা ও ভাই লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাবা ও ভাইকে এক বখাটে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাহগলপুর গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।এ ব্যাপারে সোমবার রাতে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে গতকাল মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত থানায় অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাহগলপুর গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে একই গ্রামের বাবু শেখের ছেলে হাসান শেখ এক মাস ধরে উত্ত্যক্ত করে আসছে। সোমবার বিকেলে বিদ্যালয় ছুটির পর প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় হাসান পথরোধ করে তাকে কুপ্রস্তাব দেয় এবং তার হাত ধরে টানাটানি করে। একপর্যায়ে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে আসে। বাড়ি গিয়ে ওই ছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়। ব্যাপারটি শুনে ছাত্রীর বড় ভাই ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হাসান তাকে মারধর করে। পরে ওই ছাত্রীর বাবা সেখানে গেলে হাসান তাকে সাইকেলের চেইন দিয়ে পেটায়।হাসান শেখের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তার মা হাজেরা বেগম দাবি করেন, উত্ত্যক্ত করার মতো কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ এনে মেয়ের পরিবারের লোকজনই হাসানকে মারধর করেছে। তবে বিষয়টি মীমাংসা হয়ে যাবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অভিযোগে অনেক ত্রুটি থাকায় তা সংশোধন করে নিয়ে আসতে বলা হয়েছে।