বখাটের হাতে বাবার মৃত্যু মেয়ের পড়া এখনো বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়েটা যে দিন বই (পাঠ্যবই) হাতে নিল, হেই দিন থাকি বখাট (বখাটে) নজর দিল! এই বখাটরে তাড়াইতে গিয়ে তার বাপও মরল!’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সিলেটের দলদলি চা-বাগান এলাকার বাসিন্দা মরিয়ম আক্তার (৪০)। তাঁর স্বামী বাদশা মিয়া (৫৫) ছিলেন ওই চা-বাগানের রাবার শাখার কর্মচারী। গত ৩১ জুলাই রাতে বাড়ি ফেরার পথে মেয়ের উত্ত্যক্তকারীর হাতে তিনি খুন হন বলে জানা গেছে। এরপর থেকে মেয়েটা আর স্কুলে যায় না, যাওয়ার সাহস পায়ও না। মেয়েটি বলল, ‘বাবার কথা মনে হইলে বইয়ে হাত বোলাই। তারে (বাবা) তো আর কোনো দিন ফিইরা পাইমু না। বইয়ে হাত রাখি মনরে সান্ত্বনা দিই...!’ পড়াশোনা না করা প্রসঙ্গে সে বলে, ‘আমি তো পড়তে চাই। কিন্তুক মনের মইধ্যে আর বল (সাহস) নাই!’ বাবাকে হারিয়ে মনোবলহারা মেয়েটি এখন বাগান কর্তৃপক্ষের দেওয়া বাবার চাকরিতে অস্থায়ী ভিত্তিতে কাজ করছে। সিলেটের ন্যাশনাল টি কোম্পানির অধীন লাক্কাতুড়ার দলদলি চা-বাগানের ভেতরে মুসলিম লাইন নামের শ্রমিক-কর্মচারীদের বসতি আছে। সেখানেই পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন বাদশা মিয়া ও মরিয়ম আক্তার। বখাটেপনার শিকার মেয়েটি ভাইবোনদের মধ্যে চতুর্থ। তাকে ঘিরে বাদশা মিয়ার বড় স্বপ্ন ছিল। সে জন্য মেয়েকে বাগানের পার্শ্ববর্তী বালুচর এলাকার একটি কারিগরি বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানান, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে একই এলাকার বখাটে বাবুল মিয়ার (২৮) নজর পড়ে মেয়েটির ওপর। প্রায় এক বছর ধরে বাবুলের বখাটেপনা সহ্য করে মেয়েটি পড়াশোনা চালিয়ে যায়। বাবুল মেয়েটিকে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু বাদশা মিয়া ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। একপর্যায়ে বাধ্য হয়ে মেয়েকে চাঁদপুরে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। তখন মেয়েটি ওই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ত।বাদশা মিয়ার বড় ছেলে মনির হোসেন জানান, বাবুল ‘মুসলিম লাইন’ এলাকার বাসিন্দা আবদুল মনাফের ছেলে। নানা ছলচাতুরি করে বাবুল যখন তাঁর বোনের অবস্থান জানতে পারছিলেন না, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ৩১ জুলাই রাত নয়টায় বালুচর থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে বাবুল তাঁর বাবাকে হত্যা করেন। পরদিন তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। গত ১১ আগস্ট বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বাবুল মিয়ার বড় ভাই হারুন মিয়া জানান, তাঁর ভাই পরিবারের কারও কথা শুনত না। যা-তা করে বেড়াত। বিচারে আদালত যে রায় দেবেন, তাঁরা তা মেনে নেবেন।ন্যাশনাল টি কোম্পানির সহকারী ভূমি কর্মকর্তা এ এইচ এম জাফর চৌধুরী বলেন, মানবিক দিক বিবেচনা করে বাগান কর্তৃপক্ষ মেয়েটিকে কাজের সংস্থান করে দিয়েছে। যাতে কাজের মধ্যে থেকে তার মানসিক অবস্থার উন্নতি ঘটে। চাকরির বয়স হলে পরে কর্তৃপক্ষ বাদশা মিয়ার পদে মেয়েকে বহাল করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।ইউসেপ-বাংলাদেশ কারিগরি স্কুলের শিক্ষক জুয়েল আহমদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটিতে কর্মজীবী বা শ্রমিক পর্যায়ের যাঁরা স্বেচ্ছায় কারিগরি শিক্ষা নিতে চান, তাঁদের পড়ানো হয়। মেয়েটি টানা তিন মাস অনিয়মিত থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর তালিকায় তার নাম উঠে গেছে। সে চাইলে আবার স্কুলে পড়তে পারবে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, সিলেটে বখাটের হাতে মেয়ের বাবা খুনের ঘটনাটি চাঞ্চল্যকর। অচিরেই ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।