বখাটের হাতে স্কুলছাত্রী লাঞ্ছিত বাধা দেওয়ায় ভাইকে পিটুনি
রাজশাহীর বাগমারায় বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত ও অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীকে উদ্ধার করতে এসে বখাটেদের হামলায় তার ভাই আহত হয়েছেন।গতকালের এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ-সমাবেশ করেছেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ বখাটের বাবাকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে বারিগ্রামের রোকন উদ্দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে অপহরণ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দেন রোকন। এ কারণে কয়েক দিন ধরে ওই ছাত্রী তার বড় ভাইয়ের সঙ্গে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা দিতে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে বাড়ি থেকে বিদ্যালয়ে আসছিল ওই ছাত্রী। তারা বারিগ্রাম মাদ্রাসা মোড়ে পৌঁছালে রোকন তাঁর দুই সহযোগী বাবু ও সাগরকে নিয়ে তাদের গতি রোধ করেন। বাইসাইকেল থেকে স্কুলছাত্রীকে নামিয়ে তাঁরা লাঞ্ছিত করেন এবং অপহরণের চেষ্টা চালান। এ সময় বড় ভাই বাধা দিলে বখাটেরা তাঁকে মারপিট করেন। ভাইবোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যান। স্থানীয় হাটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্রের পুলিশকে খবর দেওয়া হলে তারা স্কুলছাত্রী ও তার ভাইকে উদ্ধার করে।এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা হাটগাঙ্গোপাড়ায় বিক্ষোভ-সমাবেশ করেন। তাঁরা বখাটেদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ রোকনের বাবা আবদুল গফুরকে আটক করেছে।হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে থানায় বখাটেদের বিরুদ্ধে গতকাল দুপুরে একটি মামলা দায়ের করে।