বখাটের হামলা, সেই ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসারী আক্তার
আফসারী আক্তার

বখাটের হামলায় আহত কলেজছাত্রী আফসারী আক্তার গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত রোববার এক বন্ধুর সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গেলে আবদুস সামাদ ওরফে রাজু নামের এক বখাটে ইট দিয়ে আঘাত করে আফসারীর মাথা ও মুখ থেঁতলে দেন। আফসারী (২১) আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ছাত্রী। বাসা শহরের নওমহল সরকারবাড়ি এলাকায়। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী রাজু দীর্ঘদিন ধরে আফসারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। আফসারী গত রোববার দুপুরে এক বন্ধুর সঙ্গে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেলে রাজুও তাঁর পিছু নেন। একপর্যায়ে রাজু ইট দিয়ে আফসারীর মাথা ও মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে আফসারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আফসারীর অবস্থার অবনতি হলে রোববার রাতেই তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরা আফসারীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে জানালে তাঁকে আবারও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক মো. কামরুল প্রথম আলোকে জানান, আফসারীর মস্তিষ্ক পাঁচ দিন ধরে প্রায় অকার্যকর অবস্থায় ছিল। আজ (গতকাল) সকালে তিনি মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গতকাল রাত আটটার দিকে জানান, ময়নাতদন্ত শেষে আফসারীর মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।