বখাটের হামলায় আহত বাবার হাত কাটতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে হাসপাতালে ওহিদুর রহমান (৫০) নামের ওই ব্যক্তির ডান হাত কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন ওহিদুরের বাঁ হাতটিও অকার্যকর হয়ে গেছে। তাঁর মাথা ও চোখের নিচে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সরুশুনা গ্রামের আজাদ মুন্সির ছেলে রুমন মুন্সি (১৮) একটি দাখিল মাদ্রাসার ওই ছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তিনি মেয়েটিকে বিয়ের প্রস্তাবও দেন। তবে মেয়েটির বাবা ওহিদুর উত্ত্যক্ত করার ঘটনার কড়া প্রতিবাদ জানান এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ২০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ওহিদুর স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
সরুশুনার পূর্বপাড়া ত্রিভিটার কাছে পৌঁছলে রুমন ও তাঁর চাচা মনুর মুন্সির নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার অস্ত্রোপচার করে তাঁর ডান হাত কেটে ফেলা হয়।
বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় রুমনসহ ১৬ জনকে আসামি করে ওহিদুরের ছোট ভাই গত সোমবার লোহাগড়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষ বলেন, মামলার এজাহারভুক্ত আসামি রুমনের চাচা মনুর মুন্সিকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক।