বখাটের হামলায় মেয়েটি মৃত্যুর মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে এক কলেজছাত্রী (২১) তাঁর বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে অন্য এক ছেলের হামলার শিকার হয়েছেন। গত রোববার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এ ঘটনা ঘটে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।
মেয়েটি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী। তিনি এই শহরেরই বাসিন্দা।
ওই ছাত্রীর পরিবারের ভাষ্যমতে, প্রতিবেশী আবদুস সামাদ ওরফে রাজু দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছেন। গত রোববার দুপুরে আখলাক হোসেন নামের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাবেন বলে ছাত্রীটি বাসা থেকে বের হন। তখন থেকেই সামাদ তাঁকে অনুসরণ করেন। সামাদ ছাত্রীটির পেছনে পেছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত যান। সেখানে আখলাককে কৌশলে সরিয়ে দিয়ে মেয়েটিকে ইট দিয়ে উপুর্যপুরি মাথায় ও মুখে আঘাত করে থেঁতলে দেন সামাদ।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আখলাক হোসেন প্রথম আলোকে জানান, তিনি ঢাকার মিরপুরে একটি কলেজে পড়াশোনা করছেন। বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। চার মাস আগে অন্য একজনের মাধ্যমে মেয়েটির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব।
ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা কাঁদছেন। তিনি বুক চাপড়ে বলেন, ‘কোনো জানোয়ারও মানুষকে এমনভাবে মারে না।’
তবে সামাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়ির ভাড়াটিয়ারা জানান, তাঁর পরিবার কোথায় আছে তাঁরা জানেন না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক মো. কামরুল জানান, ওই ছাত্রীর মস্তিষ্ক অকার্যকর অবস্থায় আছে। তাঁর বাঁচার সম্ভাবনা কম।