বখাটের হামলায় কলেজছাত্র নিহত
কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ধারালো অস্ত্রের আঘাতে ওই ছাত্রীর ভাই নিহত ও বাবা গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।তৃতীয় একটি পক্ষ বখাটের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুর ও লুটতরাজে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।নিহত ছাত্রের নাম রকিবুল হাসান আকন্দ (২৪)। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের স্নাতক (সমঞ্চান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম আবুল কাশেম (৬০)। পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রকিবুলের কলেজপড়ুয়া বোন ও তাঁর খালা প্রতিবেশীদের এক পুকুরে গোসল করতে যান। এ সময় প্রতিবেশী বখাটে তৌহিদ আকন্দ (২৫) তাঁদের উত্ত্যক্ত করেন। কলেজছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তাঁর মাকে জানান। পরে ওই ছাত্রীর বাবা আবুল কাশেম এর প্রতিবাদ জানান। এ নিয়ে তৌহিদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আবুল কাশেমকে টেনেহিঁচড়ে তৌহিদদের বাড়ির ভেতর নিয়ে গিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে রকিবুল ঘটনাস্থলে ছুটে গেলে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে গ্রামের লোকজন গুরুতর অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে রকিবুলের মৃত্যু হয়। কলেজছাত্র রকিবুলের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় একটি পক্ষ তৌহিদ আকন্দের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। রকিবুলের চাচা সাইফুল ইসলাম আকন্দ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ভাই ও ভাতিজার চিকিৎসার কাজে ময়মনসিংহে ব্যস্ত ছিলাম। ভাতিজা মারা গেল। এই সুযোগে গ্রামের একটি পক্ষ আমাদের বিপদে ফেলার উদ্দেশ্যে প্রতিবেশীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।’ কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব বলেন, কলেজছাত্রকে হত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত রকিবুলের পরিবারটি নিরীহ। ওই পরিবারটিকে ফাঁসানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আফতাব হোসেনকে (৬০) আটক করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।