বখাটের হামলায় ছাত্রলীগ নেতা আহত
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের এক নেতা৷ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল সেতুর ওপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে৷
ঘটনার পর ওই নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী৷ এ সময় তাঁকে চিকিৎসা না দেওয়ায় তাঁর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালান৷
আহত ওই নেতার নাম জাকিরুল ইসলাম (২৬)৷ তিনি মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি৷ এ ঘটনায় জাকিরুলের বাবা বাপ্পা সুতার বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ ওই মামলার আসামি উপজেলার তারতাপাড়া গ্রামের রঞ্জুকে গ্রেপ্তার করেছে৷
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাকিরুলের আত্মীয় এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত রঞ্জু। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ নিয়ে পৌর এলাকার জোনাইল সেতুর ওপর জাকিরুলের সঙ্গে রঞ্জু ও তার বন্ধু রাসেলের কথা হয়৷ এ সময় জাকিরুল তারতাপাড়ার রঞ্জুকে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন৷ এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাসেল ক্ষুর দিয়ে জাকিরুলের পেটে আঘাত করে চলে যায়।