বখাটের হামলায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের মারধরের শিকার হয়েছেন ভাই সুমনসহ (২৮) দুজন। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে পুলিশ গতকাল দুপুরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাওন (২১) নামের একজনকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কয়েক দিন ধরে শহরের পশ্চিম মজমপুর এলাকার বখাটে শাওন উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিলেন। মেয়েটি বিষয়টি তার ভাই সুমনকে জানায়। সুমন শহরের টাইম ওয়ার্ল্ড নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তাঁর প্রতিষ্ঠানের মালিক একরামুল হোসেনকে (৪২) নিয়ে শাওনের বাবার কাছে যান। ছেলের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় এ সময় উত্তেজিত হয়ে শাওনের বাবা তাঁদের বকাঝকা করেন। এরপর সুমন ও একরামুল বাড়ি থেকে বের হলে শাওন ও তাঁর কয়েকজন বন্ধু মিলে দুজনকে চড়-থাপড় ও কিল-ঘুষি মেরে আহত করেন। সেখান থেকে পালিয়ে একরামুল বৃহস্পতিবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একরামুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সুমনের বোনকে উত্ত্যক্ত করার কথা বখাটে শাওনের বাবার কাছে বলতে গেলে তিনি আমাদের ওপর রেগে যান। শাওন ও তার বন্ধুরা মিলে কিলঘুষি মারে।’