বখাটের হামলায় বাবা-মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এবার বখাটের হামলায় আহত হয়েছেন এক কলেজছাত্রী ও তাঁর বাবা। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম ডিগ্রি কলেজের ওই ছাত্রী (১৮) অভিযোগ করেন, কিছুদিন ধরে কলেজে যাওয়া-আসার পথে একই গ্রামের রামচন্দ্র বালার ছেলে রিপন বালা (২০) তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে রিপন তাঁকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিপন ও তার সহযোগীরা তাঁকে হুমকি দিতে থাকে। গত ১৫ জানুয়ারি কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটে রিপন পথ আটকে তাঁকে পুনরায় প্রেমের প্রস্তাবের বিষয়ে ভেবে দেখার জন্য বলে বাড়ি ফিরে তিনি বিষয়টি তাঁর বাবাকে জানান।ওই ছাত্রীর বাবা অভিযোগ করে জানান, গত রোববার বিকেলে তিনি রিপনের কাছে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি জানতে গেলে রিপন ও তার সহযোগীরা তাঁকে মারধর করে। তিনি ফিরে এসে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন সরদারের কাছে এ ব্যাপারে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় রিপন ও তার সাত-আটজন সহযোগী ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর বাবার ওপর হামলা চালায়। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে এলে বখাটেরা তাঁর মেয়েকেও মারধর করে। বখাটেরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।এ বিষয়ে রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বাড়িতে হামলা চালানোর অভিযোগে রোববার রাতেই ওই ছাত্রীর বাবা আগৈলঝাড়া থানায় মামলা করেছেন। অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।