বখাটের হামলায় স্কুলছাত্রী আহত
পটুয়াখালীর বাউফল উপজেলায় পাভেল নামের এক বখাটের হামলায় নবম শ্রেণীর এক ছাত্রী আহত হয়েছে। উপজেলার কেশবপুর গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পাভেল ওই ছাত্রীকে পিটিয়ে আহত করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত ছাত্রী জানায়, সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেশবপুর এলাকার খোকা মিয়ার ছেলে পাভেল তাকে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে সে তার সঙ্গে প্রেম করার প্রস্তাব দেয়। কিন্তু এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় পাভেল ক্ষুব্ধ হয়। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে নয়টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় পাভেল ও তার সহযোগীরা পথরোধ করে ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে চিৎকার শুরু করলে পাভেল তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’পাভেল ও তার বাবা খোকা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ঘটনাটি স্থানীয় এক ইউপি সদস্য তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাভেল ও তার সাঙ্গপাঙ্গদের খুঁজে বের করা হবে।