বখাটের হুমকি: তুলে নিয়া বিয়া করমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণ করার চেষ্টা ও তাঁর ওপর নির্দয়ভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এক বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই কলেজছাত্রীর এই করুণ পরিণতি হয়েছে। ওই ছাত্রী এখন হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বুধবার ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঘাটাইল উপজেলার মধ্যবর্শা গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তারেক ওরফে মাসুমের (২১) বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে মাসুম প্রায়ই উত্ত্যক্ত করতেন। বুধবার দুপুরে প্রাইভেট পড়ে কলেজ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে চার-পাঁচজন যুবক নিয়ে মাসুম তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করে ঝড়কা পাহাড়ে নিয়ে যান। সেখানে নিয়ে মাসুম তাঁকে বিয়ের জন্য চাপ দেন। এতে রাজি না হলে মাসুম ও তাঁর সঙ্গীরা গাছের ডাল দিয়ে তাঁকে পেটান। একপর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। কিন্তু জঙ্গলের বাইরে লোকজন থাকায় ধর্ষণ করতে না পেরে মাসুম তাঁর সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে আসেন। শেষে ওই ছাত্রীর ভাই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।হাসপাতালে চিকিত্সাধীন ওই ছাত্রী জানান, মাসুম চলে যাওয়ার সময় তাঁকে বলেন, ‘বাড়ি গিয়ে বিচার ডাক। বিচারের বৈঠক থেকে তোকে তুলে নিয়ে বিয়া করমু।’ মাসুমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান জানান, মাসুমকে গ্রেপ্তার করার জন্য তাঁর গ্রামের বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। পলাতক থাকায় মাসুমকে গ্রেপ্তার করা যাচ্ছে না।