বখাটের হুমকিতে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বখাটে অপহরণ করার হুমকি দেওয়ায় এক ছাত্রীর মাদ্রাসা যাওয়া বন্ধ হয়ে গেছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে।দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করায় ওই ছাত্রীর বাবা এক বখাটের বিরুদ্ধে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দিয়েছিলেন। এতে খেপে গিয়ে ওই বখাটে তাকে অপহরণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আগৈলঝাড়া থানায় ৫ জানুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই ছাত্রী ও জিডি সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মুজিবুর রহমান মিয়ার ছেলে ইউসুফ হোসেন মিয়া (২২) ও তাঁর দুই সহযোগী গত এক মাস ধরে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করে আসছেন। ৪ জানুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে ইউসুফ তার বোরকা টেনে ছিঁড়ে ফেলে।ওই ছাত্রীর বাবা এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে ইউসুফ ও তাঁর সহযোগীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেন। ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, থানায় জিডি করার পর বখাটেরা তাঁর মেয়ে ও পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি দিচ্ছেন। বড় ধরনের ক্ষতির আশঙ্কায় বৃহস্পতিবার থেকে তিনি তাঁর মেয়েকে মাদ্রাসায় যেতে দিচ্ছেন না। ইউসুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে এ অভিযোগের ব্যাপারে তাঁর বাবা মুজিবুর রহমান মিয়া বলেন, ‘আমার ছেলে এমন কী করছে যা লিখতে হবে। আপনারা যা পারেন তা লেখেন।’ বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় বখাটেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দী বলেন, অভিযোগ পাওয়ার পর ইউসুফকে গ্রেপ্তারের জন্য একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বর্তমানে ইউসুফ গা-ঢাকা দিয়েছেন।