বখাটের হুমকিতে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ!
বখাটের অব্যাহত হুমকির মুখে ছয় মাস ধরে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। সামনে জেএসসি পরীক্ষা, তাই পরিবারের লোকজন বাড়িতে শিক্ষক রেখে মেয়েটিকে পড়াচ্ছে। মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের আপ্তাবনগর এলাকার মেয়েটি স্থানীয় আবদুল আহাদ-শাহিদা চৌধুরী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করেন একই এলাকার শিমুল (১৯)। মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। বিষয়টি পৌরসভার মেয়র এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও জানানো হয়। এরপর মেয়েটি জেএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে স্কুলে যাওয়ায় পথে বাইসাইকেল নিয়ে পথরোধ করেন শিমুল। থানায় অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি মেয়েটিকে দেখে নেওয়ার হুমকি দেন। এর পর থেকে ভয়ে মেয়েটিকে স্কুলে যেতে দিচ্ছে না তার পরিবার। মেয়েটির চাচা জানান, বখাটে ছেলেটা পথে বসে থাকে। স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে নানা অশ্লীল মন্তব্য করে। মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করে। ঘটনাটি পুলিশকে জানালে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তাঁরা বিষয়টি নীরবে সহ্য করে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে তাঁকে একবার ঘটনাটি জানানো হয়েছিল। তিনি খোঁজ নিয়ে দেখবেন। সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সফি আহমদ চৌধুরী গতকাল বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পাওয়ার পরদিন ওই এলাকায় গিয়ে ছেলেটিকে পাইনি। এখন ঢাকায় আছি। ফিরে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’