সিলেটের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ দুই বোনকে ধর্ষণের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷ এতে এলাকার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন৷
গতকাল সকালে হাসপাতালে সাংবাদিকদের কাছে ওই দুই মেয়ের বাবা বিলাপ করে বলেন, ‘ঝালমুড়ি বেছিয়া ফুড়িনতরে (মেয়েদের) পড়াইছি, কিন্তু তারার ইজ্জত বাছাইতাম পারলাম না...এখন আমার আর বাছিয়া থাকিয়া কী লাভ!’
গত রোববার ভোরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে সাত-আটজন মুখোশ পরা দুর্বৃত্ত৷ তারা মা-বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে ধর্ষণ করে৷ সকালে ঘটনা জেনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়৷ সকালে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে সিলেট ওসমািন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক সূত্র জানায়, গতকাল দুজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও কথাবার্তা ঠিকমতো বলতে পারছে না। প্রাথমিকভাবে ধর্ষণের অলামত পাওয়ায় পুলিশ রাতেই তাদের বাবার লিখিত অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ করেছে।
পুলিশ জানায়, মামলায় একজনের নাম উল্লেখ করা হলেও পুলিশ প্রাথমিক তদন্ত করে তার চারজন সঙ্গীকে শনাক্ত করেছে। রোববার মধ্যরাতে দুই দফা অভিযান চালিয়েও বখাটেদের কাউকে পাওয়া যায়নি।
গতকাল সকালে সিলেটের পুলিশ সুপার নূরে আলম, সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যান৷ এ সময় এলাকার অনেকে ধর্ষণকারী কেউ গ্রেপ্তার না হওয়া ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে ধর্ষণের ঘটনায় ওই দুই বোনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফখর উদ্দিন জানান, দুই বোন খুব শান্ত স্বভাবের। পারিবারিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও পড়াশোনা করায় এলাকার লোকজন দুই বোনকে স্নেহ করে। ধর্ষণের ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবিতে সবাই এককাট্টা। আজ-কালের মধ্যে ধর্ষণকারীরা গ্রেপ্তার না হলে এলাকাবাসী বৈঠক করে আন্দোলনে নামবে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বখাটেরাই ঘটনাটি ঘটিয়েছে। এক বখাটের নাম পেয়েছি। ঘটনার সময় তাঁকে পরিবারের সদস্যরা দেখে চিনতে পেরেছেন। গ্রেপ্তারের স্বার্থে আপাতত ওই বখাটের নাম প্রকাশ করছি না। ওই বখাটেসহ পাঁচ ধর্ষণকারীর পরিচিত কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে।’