বখাটেসহ ২০ জনের দণ্ড, দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গত তিন দিনে সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন অপরাধে এক বখাটেসহ ২০ জনকে কারাদণ্ড দিয়েছেন। ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে ওএমএসের চাল বিক্রির অপরাধে দুজনকে জরিমানা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক বখাটের তিন মাসের কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার শাহজাদপুর থানায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ জানান, শাহজাদপুরের জামিরতা জহুরা খাতুন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে জগতলা গ্রামের বখাটে কাউছার আলী (১৮) স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ইউএনওর কাছে অভিযোগ দেয়। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে বখাটের পরিবারকে বিষয়টি জানালে কাউছার তাঁর দোষ স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন।এ ছাড়া সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত মাদক বিক্রি, মদপান ও গাঁজা সেবনের অভিযোগে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বকাউলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত রবি ও সোমবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর ও পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালান। এ সময় সম্পদ মণ্ডল, বাবু মিয়া, আবুল কালাম, বাবু, সাদ্দাম, সুজন, ভুট্টো ও মাসুদকে দুই বছর করে, স্বপন ও আবদুল করিমকে ছয় মাস করে এবং রেজাউল জোয়ার্দার, রুবেল, কাওসার, মাহমুদুল, শফিকুল ও রাজু শেখকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী থানার পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটদাপ কবরস্থান এলাকায় জহিরের বাসায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে জহির, ইউনুস আলী ও মো. বাবুলকে আটক করে পুলিশ। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়। আদালত ইউনুস আলীকে ছয় মাস, বাবুলকে দুই মাস এবং গৃহকর্তা জহিরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী বাজারের স্বপন সাহার দোকানে গত সোমবার সকালে অবৈধভাবে ওএমএসের চাল বিক্রি হচ্ছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল সেখান থেকে ৭৫ কেজি চাল উদ্ধার করেন। পরে ইউএনও স্বপন সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ওই বাজারে অবৈধভাবে ওএমএসের চাল বিক্রি করার সময় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।