পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে গতকাল মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে নয় ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় জনতা হামলা চালিয়ে তাদের দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের চার কর্মী আহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা জানান, ভোর সাড়ে চারটার দিকে বগা বন্দরের পূর্বপাশের মার্কেটের দুলাল দাসের লন্ড্রি ও কালাম মিয়ার কম্পিউটার সেন্টারে আগুন ধরে যায়। উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকেন। খবর দেওয়া হয় বাউফল ফায়ার সার্ভিস অফিসে। ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ জনতা তাদের গাড়ি ও আগুন নেভানোর যন্ত্রপাতি ভাঙচুর করে। তাদের হামলায় স্টেশন অফিসার আরিফুল ইসলাম, গাড়িচালক জসীম উদ্দিন খান, ফায়ারম্যান সোহাগ ফকির ও সেলিম মিয়া আহত হন। আহত স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, ভোর পাঁচটায় খবর পেয়ে তিনি কর্মীদের নিয়ে রওনা দেন। বাউফল-বগা সড়কের অবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। তিনি জানিয়েছেন, কর্মীদের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগে তিনি বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেছেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা মামলার বিষয়টি স্বীকার করেছেন।