বগা লেকে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমার প্রাকৃতিক হ্রদ বগা লেকে ডুবে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নয়জন ছাত্র আজ দুপুরে রুমা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বগা লেকে বেড়াতে যান। বিকেল চারটার দিকে তাঁরা লেকের পানিতে গোসল করতে নামেন। ওই সময় জায়েদ ইকবাল (২১) নামের এক ছাত্র লেকের পানিতে তলিয়ে যান।
বগা লেক এলাকার বাসিন্দা লালকিম বম বলেন, জায়েদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় সেনাক্যাম্পে জানানো হয়। সেনাসদস্যরা দ্রুত এসে তাঁকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামং মারমা বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, জায়েদ ইকবালের বাড়ি রাজধানীর লালবাগে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।