বগা সেতু নির্মাণ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সেতু নির্মাণের স্থান নির্বাচন, ভূমি অধিগ্রহণসহ তিন দফায় অর্থ বরাদ্দ করা হয় সোয়া দুই কোটি টাকা। এর পর নতুন করে আর অর্থ বরাদ্দ না করায় আজ পর্যন্ত মূল সেতুর নির্মাণকাজ শুরু হয়নি।পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪-২০০৫ অর্থবছরে বগা সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। পটুয়াখালী-বরিশাল-দশমিনা সড়কের বগা ফেরিঘাট-সংলগ্ন লোহালিয়া নদীর ওপর এই সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয় ৩০ কোটি তিন লাখ ৩০ হাজার টাকা। শুরুতে বরাদ্দ দেওয়া হয় এক কোটি টাকা। ২০০৬-২০০৭ অর্থবছরে আরও এক কোটি টাকা এবং সর্বশেষ ২০০৭-২০০৮ অর্থবছরে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা দিয়ে সড়ক বিভাগ ভূমি অধিগ্রহণ ও সংযোগ সড়ক সংস্কারের কাজে ব্যয় করে। পরবর্তী সময় এই সেতুর অনুকূলে আর কোনো বরাদ্দ পায়নি সড়ক বিভাগ। এ অবস্থায় বগা সেতু নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, বরাদ্দ করা টাকা দিয়ে ভূমি অধিগ্রহণ ও সেতুর দুই পারের ৬০০ মিটার করে ১২০০ মিটার সংযোগ সড়ক সংস্কার করা হয়েছে। পরবর্তীকালে আর কোনো অর্থ বরাদ্দ না আসায় সেতু নির্মাণ প্রকল্প বন্ধ রয়েছে।