বগারথল মেলা, ১৭ গ্রামে মেয়ে-জামাতার উৎসব
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুরের বগারথল মেলাকে কেন্দ্র করে এলাকার ২৫-৩০টি গ্রামের লোকজনের বাড়িতে তিন দিন ধরে মেয়ে-জামাতাদের উৎসব চলছে। গত রোববার ওই গ্রামগুলোর কেন্দ্রস্থল বগারথলে এই মেলা হয়েছে। পরের দিন গ্রামে গ্রামে বউমেলা বসে। গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে ১২-১৩ কিলোমিটার দূরে গোবিন্দপুর ইউনিয়নের ২৫-৩০টি গ্রামের কেন্দ্রস্থল ওই বগারথল মেলা। মেলা কেন্দ্র করে ওই এলাকার গ্রাম চৌমুহনী, সাহারপুকুর, গোবিন্দপুর, শ্রীপুর, ভূঁইপুর, মথুরাপুর, আলতাফনগর, খিহালী, শেরপুর, মোড়গ্রাম, চাটখর, বোয়ালিয়াসহ ২৫-৩০টি গ্রামের লোকজন তাঁদের জামাতা ও মেয়েকে দাওয়াত করেন। ওই সব গ্রামের লোকজন মেলা উৎসবে মেয়ে-জামাইকে যার যা সাধ্য মোতাবেক টাকা দেন। আর মেয়ে-জামাইরা তাঁদের সাধ্য মোতাবেক মেলায় গিয়ে বড় মাছ, মিষ্টান্নজাতীয় খাবার নিয়ে শ্বশুরবাড়িতে ফেরেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মেলা চলে। এই মেলার পরের দিন বিভিন্ন গ্রামে বউমেলা হয়। এসব মেলায় চুরি, মালা, দুলসহ মেয়েদের ব্যবহারের নানা পণ্য বিক্রি হয় বলে এর নাম বউমেলা। গোবিন্দপুর গ্রামের জামাই খাইরুল ইসলাম বলেন, ‘গত বছর বিয়ের পর এই প্রথম এ মেলায় এসেছি। গ্রামের নিয়ম অনুসারে শাশুড়ি আমাকে মেলা-খরচের টাকা দিয়েছেন। আমি আমার সাধ্যমতো বড় মাছ, মিষ্টি ও ফলমূল কিনে শ্বশুরবাড়ি ফিরছি।’ শেরপুর গ্রামের তবিবর রহমান (৭০) জানান, এই মেলা জ্যৈষ্ঠ মাসের তৃতীয় রোববার হয়। বাপ-দাদার আমল থেকেই তাঁরা এই মেলা করে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও চলতি দায়িত্বে) আবদুল হান্নান বলেন, ‘গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য পরিচালনা কমিটিকে ডাকের মাধ্যমে সরকারি খাতে ইজারা দিয়ে মেলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আমি পুলিশ প্রশাসনকে নিয়ে মেলা পরিদর্শন করেছি।’