বগি নেই, টিকিট বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজের ছাত্রী স্বপ্না আক্তার (২২)। তাঁকে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন দিয়ে প্রায়ই ট্রেনে করে ঢাকা যেতে হয়। তিনি গত ২৩ ফেব্রুয়ারি আন্তনগর মহানগর (৭২২) ট্রেনের তিনটি আগাম টিকিট কিনে রেখেছিলেন। গত শুক্রবারের জন্য টিকিট তিনটি কেনা হয়। যথাসময়ে তিনি ও তাঁর দুই বান্ধবী ভৈরব স্টেশনে আসেন। ট্রেনও আসে। কিন্তু তাঁদের যে বগির টিকিট দেওয়া হয়েছে, সেটি ওই দিন ছিল না। এ কারণে অন্য একটি বগিতে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকে তিনি ও তাঁর দুই বান্ধবীকে ঢাকা আসতে হয়েছে।স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত বগির টিকিট বিক্রি করলেও সেটি ট্রেনে সংযোজন না করায় স্বপ্না ও তাঁর বান্ধবীদের মতো অনেক যাত্রী প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন।স্বপ্না আক্তার বলেন, তিনি ইডেন কলেজে ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা যাওয়ার জন্য তিনি গত ২৩ ফেব্রুয়ারি ভৈরব স্টেশন থেকে ‘ঠ’ নম্বর বগির ১৭-১৯ নম্বর টিকিট কিনেছিলেন। এর মধ্যে একটি টিকিটে ১৭-১৮ আসন ছিল (সিরিয়াল নম্বর-৫০৩১৯০৩৬) এবং ১৯ নম্বর আসনের টিকিট সিরিয়াল নম্বর-৫০৩১৯০৩৭। গত শুক্রবার স্টেশনে এসে ট্রেনে উঠে তিনি ‘ঠ’ বগিটি খুঁজে পাননি। এ কারণে পুরো সময় দাঁড়িয়ে থেকে ঢাকা যেতে হয়েছে।একইভাবে বিড়ম্বনার শিকার ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের আবু মুসা বলেন, বেশ কয়েক দিন ধরে এ সমস্যাটি হচ্ছে। তার পরও যাত্রীদের সচেতন করার মতো কোনো উদ্যোগ চোখে পড়েনি।ভৈরব রেলওয়ে বুকিং কার্যালয় সূত্র জানায়, এক বছর আগে আন্তনগর মহানগর (৭২২) ট্রেন থেকে ‘ঠ’ নম্বর বগিটি প্রত্যাহার করা হয়। এর পর ওই বগির টিকিট বিক্রিও বন্ধ ছিল। কিন্তু কয়েক দিন ধরে ভুলে ওই বগির টিকিট বিক্রি করা হচ্ছে। কম্পিউটারে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে।