বগি ফেরত না দেওয়ায় দুর্ভোগে হবিগঞ্জবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট রেলপথের আন্তনগর ট্রেন উপবন এক্সপ্রেসের হবিগঞ্জের জন্য নির্ধারিত কোচ (বগি) মেরামতের কথা বলে নেওয়ার পর আর ফিরিয়ে দেওয়া হয়নি। এতে দেড় মাস ধরে এ জেলার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন আড়াই শতাধিক যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারছেন না।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার বাসিন্দাদের জন্য উপবন এক্সপ্রেসে একটি বগিতে ৩১টি আসন বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে প্রথম শ্রেণির চারটি, কেবিন দুটি এবং অন্যগুলো সাধারণ আসন। আসন ৩১টি হলেও ওই বগিতে শতাধিক যাত্রী চলাচল করতেন। দুই বারে আড়াই শতাধিক যাত্রী চলাচল করতেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন সূত্রে আরও জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি প্রতিদিন রাত একটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে যাত্রাবিরতি করে। আবার ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি এখানে রাত তিনটায় যাত্রাবিরতি করে। কিন্তু এ জেলার জন্য নির্ধারিত বগিটি মেরামতের জন্য গত ১২ মে চট্টগ্রাম রেলওয়ে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার প্রায় দেড় মাস পরেও ফেরত দেওয়া হয়নি। এতে হবিগঞ্জ অঞ্চলের যাত্রীরা উপবন ট্রেনে চলাচল করতে পারছেন না। পাশাপাশি একই ভাবে ঢাকা থেকেও শায়েস্তাগঞ্জ আসা সম্ভব হচ্ছে না।
হবিগঞ্জ শহরের বাসিন্দা আবুল কালাম জানান, তিনি গত সোমবার উপবনের টিকিট কাটতে গিয়ে জানেন শায়েস্তাগঞ্জের কোনো টিকিট নেই। তিনি বলেন, এ ট্রেনে যাতায়াতে একটি সুবিধা হচ্ছে খুব ভোরে ঢাকায় পৌঁছানো যায়। সারা দিন কাজ শেষে পুনরায় রাতেও ফেরা যায়। কিন্তু বগি না থাকায় এখন সহজে ওই ট্রেনে ওঠা যায় না। এতে তাঁর মতো অনেক যাত্রী ভোগান্তি পোহাচ্ছেন।
শায়েস্তাগঞ্জের বাসিন্দা নুরুল ইসলাম তালুকদার বলেন, হবিগঞ্জবাসীর সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এমনিতে শত শত যাত্রীর বিপরীতে আসন মাত্র ৩১টি। তাও এখন বগি মেরামতের নামে জেলার কোটা কমিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এ অঞ্চলে চলাচলকারী বিভিন্ন ট্রেনের প্রায় আড়াই শ আসন হবিগঞ্জের কোটা থেকে কমিয়ে দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশনমাস্টার মো. জাহাঙ্গীর আলম বলেন, ১২ মে উপবনের বগি মেরামতের জন্য নেওয়া হয়েছিল। এখনো তা ফেরত আসেনি। বিকল্প হিসেবে এ জেলার জন্য ছয়টি আসন রাখা হয়েছে। চাপ একটু বেশি হওয়ায় এ নিয়ে প্রতিদিনই যাত্রীদের সঙ্গে তাঁদের বাদানুবাদ হচ্ছে। বগি ফেরত না দেওয়ায় বিপুলসংখ্যক মানুষ ভোগান্তি পোহাচ্ছে।