বগি বিচ্ছিন্ন হয়ে উল্টো পথে চার কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গত রোববার আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ে গতকাল সোমবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
কুলাউড়ায় কর্মরত রেলওয়ের ট্রাফিক পরিদর্শক (পরিবহন) আতাউর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আলী আজ্জম, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ট্রেন পরীক্ষক) এস কে দত্ত ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল) হুমায়ুন কবির।
ওই ট্রেনের মানিক নামের এক যাত্রী ও শমশেরনগর এবং ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি গত রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনটি উঁচু পথ অতিক্রমকালে বগির সংযোগস্থলের কাপলিং হুক ভেঙে গেলে ট্রেন থেকে বিচ্ছিন্ন বগিগুলো উল্টো পথে প্রায় চার কিলোমিটার পেছনের দিকে গিয়ে শ্রীমঙ্গল স্টেশন পেরিয়ে উত্তরসুর এলাকায় থামে। তখন আতঙ্কে এসব বগির দেড় শতাধিক যাত্রী চিৎকার করছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ট্রেনের সামনের সাতটি বগি নিয়ে চালক ভানুগাছ স্টেশনে পৌঁছান। পরে ট্রেনটি আবার শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসা হয়। এরপর বিচ্ছিন্ন হয়ে যাওয়া চারটি বগি সংযুক্ত করে রাত ৮টা ৪০ মিনিটে ট্রেনটি পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা করে।
শমশেরনগর স্টেশনমাস্টার আবদুল আজিজ ও ভানুগাছ স্টেশনমাস্টার রোস্তম আলী ফকির বলেন, আল্লাহর মেহেরবানিতে চারটি বগি পেছনের দিকে এসে একটি স্থানে থেমে গেছে বলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।