বগি রেখে চলে গেল ইঞ্জিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীরা বসে আছেন। দ্রুতগতিতে চলছে ট্রেন। কিন্তু হঠাৎ করেই বগিগুলোর গতি কমতে থাকে। একপর্যায়ে থেমে যায়। ট্রেন তো চলছে না, চলছে কেবল ইঞ্জিন। রাজশাহীর আড়ানী ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে।
রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেক পর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাল-সবুজ রঙে রাঙানো ১২টি বগি রেখে চলা শুরু করে। ঘটনার ২৭ মিনিট পরে চালক বুঝতে পারেন ইঞ্জিনের সঙ্গে বগি নেই।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১২টি বগিতে আসনসংখ্যা প্রায় এক হাজার। ট্রেনের যাত্রী ছিলেন নাটোরের তমালতলা কৃষি ও কারিগরি কলেজের উপাধ্যক্ষ বাবুল আকতার। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, ছাড়ার ঘণ্টা খানেক পর রাজশাহীর আড়ানী স্টেশন পার হয় ট্রেনটি। হঠাৎ করেই যাত্রীরা বুঝতে পারেন বগি ফেলে ইঞ্জিন চলে গেছে। বগি আড়ানী ও আবদুলপুর স্টেশনের মাঝখানে নাটোরের লুকমানপুর এলাকায় থেমে থাকে। তিনি বলেন, বগি ফেলে ইঞ্জিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা হইচই শুরু করেন। স্থানীয় উৎসুক জনতা এ সময় ট্রেনের বগির কাছে ভিড় জমায়।
বাবুল আকতার বলেন, বগিগুলো দাঁড়িয়ে থাকায় যাত্রীরা ঘাবড়ে যান। তাঁরা ফোন করে বিভিন্ন জায়গায় ট্রেনের সমস্যার কথা জানাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে আসে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, কয়েক দিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই রয়ে গেছে। বগি ও ইঞ্জিন দুটি দুই প্রযুক্তির হওয়ার কারণে তাঁদের কর্মীরা এর ব্যবহারটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি।
বেলাল উদ্দিন বলেন, রেলওয়ের মাঠপর্যায়ে যাঁরা এই কাজ করেন তাঁদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও সময় পাওয়া যায়নি। ঈদের আগেই তড়িঘড়ি করে ট্রেন চালু করা হয়েছে। তিনি বলেন, ৪টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। ৫টা ১৭ মিনিটে ইঞ্জিন আবার ফিরে এসে বগি নিয়ে গেছে। এতে কারও কোনো বিপদ হয়নি।