বগি লাইনচ্যুত আট ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের দৌলতপুর এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বুধবার ওই ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি অপসারণের পর বেলা তিনটায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টায় দৌলতপুর এলাকায় বগুড়ার সান্তাহার থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনা থেকে ছেড়ে যাওয়া এবং দেশের অন্য জায়গা থেকে খুলনা আসার অপেক্ষায় থাকা নয়টি ট্রেন আটকা পড়ে।
বগিচ্যুত ট্রেনটির সহকারী চালক হেদায়েত হোসেন বলেন, ট্রেনটি ৩ নম্বর লাইন দিয়ে ঢোকার মুখে এর বগি দুটি লাইনচ্যুত হয়। এরপর সেগুলো পাশের দ্বিতীয় লাইনের ওপর গিয়ে পড়ে। এতে দুটি লাইনই বন্ধ হয়ে যায়।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়েছে।